ভোরের আলো ফোটার আগেই দিন শুরু হয় র‍্যাচেল কৌরের। সংসারের কাজ গুছিয়ে নিতেই হয়, কারণ একটু পরেই তাঁকে ছুটতে হবে বিমানবন্দরে। প্রতিদিন বিমানে চড়ে ৩৫০ কিলোমিটার দূরের অফিসে যান, আবার কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসেন সন্তানদের কাছে। এই দৈনন্দিন যাত্রায় প্রতিদিন প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি—শুধু পরিবারকে সময় দেওয়ার জন্য।

মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়ার সহকারী অর্থ ব্যবস্থাপক র‍্যাচেল থাকেন পেনাংয়ে, কিন্তু তাঁর অফিস রাজধানী কুয়ালালামপুরে। শুরুতে কাজের জন্য কুয়ালালামপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, তবে সন্তানদের ছাড়া একা থাকা দিন দিন তাঁর জন্য কষ্টকর হয়ে ওঠে। অবশেষে এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি—কাজের জন্য শহর বদলাবেন না, বরং প্রতিদিন উড়াল দেবেন

ছবিঃ সংগৃহীত

প্রথমে বিষয়টি অবাস্তব মনে হলেও র‍্যাচেল দেখিয়েছেন, অসম্ভব কিছুই নয়। কুয়ালালামপুরে থাকার সময় তাঁর মাসিক খরচ ছিল ৪৭৪ ডলার (প্রায় ২,১০৬ রিঙ্গিত), অথচ প্রতিদিন বিমানে যাতায়াত করেও তাঁর খরচ কমে হয়েছে ৩১৬ ডলার (প্রায় ১,৩৯৬ রিঙ্গিত)

কর্মজীবন আর পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে ‘সুপার কমিউটার’ হয়ে উঠেছেন র‍্যাচেল, কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয়—তিনি একজন সুপারমম। সন্তানদের জন্য তাঁর এই আত্মত্যাগ এবং অদম্য মানসিকতা অনেককেই অনুপ্রাণিত করছে।