শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ তাদের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী ২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। দুই দিনব্যাপী (৭ ও ৮ ফেব্রুয়ারি ‘২৫) এ উৎসব জাঁকজমকপূর্ণ নানা কর্মসূচির মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় টিভি, দি টেক্সটাইল টুডে এবং দৈনিক কালের কণ্ঠ।
আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনাঃ
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সফলভাবে ইভেন্ট কাভার করেছে সময় টিভি।

আলোচনা সভা ও দিকনির্দেশনামূলক বক্তব্যঃ
সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “দেশ-বিদেশে আইপিই বিভাগের গ্র্যাজুয়েটরা দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছে। তিন দশক পূর্তি উপলক্ষে এই মিলনমেলা বিভাগের অর্জনকে আরও সমৃদ্ধ করবে।”
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতির জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং চাকরির বাজার সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শাবিপ্রবির আইপিই বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী- ২০২৫

ক্যারিয়ার বিকাশে চাকরি মেলাঃ
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আইপিই বিভাগ অডিটোরিয়ামের সামনে একটি চাকরি মেলার আয়োজন করে। এতে লাফার্জ হোলসিম, এসএমএল, এভেরি ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেডসহ স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে নবীন প্রকৌশলীরা তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পান।

শাবিপ্রবির আইপিই বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী- ২০২৫

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণঃ
আইপিই বিভাগের তিন দশক পূর্তিতে আয়োজিত “আইপিই স্ফেয়ার কনটেক্সট” প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কেইস কম্পিটিশন, কম্পিউটার এইডেড ডিজাইন (ক্যাড) ও প্রজেক্ট ফেয়ার-এ অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় মুগ্ধতাঃ
প্রথম দিনের আয়োজন শেষ হয় বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে। বিভাগের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল “মাইলস” ও “এভয়েড রাফা” দর্শকদের মাতিয়ে রাখে।

শাবিপ্রবির আইপিই বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী- ২০২৫

দ্বিতীয় দিনের প্রাণবন্ত আয়োজনঃ
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত সামাজিক আড্ডার মাধ্যমে। দিনব্যাপী পারিবারিক আনন্দ আয়োজন, শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং খেলাধুলা উৎসবের প্রাণবন্ততা বাড়িয়ে দেয়। এছাড়া, অ্যালামনাই বনাম একাডেমিয়ার মধ্যকার ক্রিকেট ও ফুটবল ম্যাচ প্রতিযোগিতার উত্তেজনা বাড়িয়ে তোলে। বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

শাবিপ্রবির আইপিই বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী- ২০২৫

লাকি রাফেল ড্র ও গ্র্যান্ড কনসার্টঃ
সন্ধ্যায় লাকি রাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এরপর উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে। কনসার্টে জনপ্রিয় ব্যান্ড “মাইলস” ও “এভয়েড রাফা” সঙ্গীত পরিবেশন করে দর্শকদের দারুণ আনন্দ দেয়।
তিন দশকের গৌরবময় পথচলার এ আয়োজন শাবিপ্রবি আইপিই বিভাগের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।