অক্সফোর্ডের প্রাচীন গ্রন্থ উন্মোচনে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ।
অক্সফোর্ডের বোডলিয়ান লাইব্রেরির একটি প্রাচীন স্ক্রোলকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে অত্যাধুনিক এক গবেষণার মাধ্যমে। এক্স-রে ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই স্ক্রোলটিকে ভার্চুয়ালভাবে খোলা হচ্ছে, যেখানে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সারিবদ্ধ প্রাচীন লেখাগুলো।
সম্পূর্ণ লেখাটি পাঠোদ্ধার করতে আরও সময় লাগবে, তবে গবেষকরা ইতিমধ্যেই আশাবাদী। ভিসুভিয়াস চ্যালেঞ্জের প্রকল্প প্রধান স্টিফেন পার্সন্স জানিয়েছেন, “আমরা আত্মবিশ্বাসী যে এবারই প্রথম সম্পূর্ণ স্ক্রোলটি পড়া সম্ভব হবে, এবং এত উচ্চমাত্রার আশাবাদ আগে কখনো ছিল না।”
প্রাচীন লেখাগুলোর কিছু অংশ ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, এবং গবেষকরা ধারণা করছেন এটি একটি দার্শনিক রচনা, ঠিক যেমন গত বছর ভিসুভিয়াস চ্যালেঞ্জ বিজয়ী শিক্ষার্থীদের পাঠোদ্ধার করা আরেকটি স্ক্রোল।

হারকুলানিয়ামের শত শত কার্বনাইজড স্ক্রোল, যা প্রায় ২০০০ বছর আগে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে আগুনে ঝলসে গিয়েছিল, এখনো গবেষকদের জন্য এক রহস্যের ভাণ্ডার। অক্সফোর্ডের এই গবেষণা সফল হলে, ইতিহাসের আরও অমূল্য তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


