মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ার প্রত্যয়ে ‘Safety Day 2026’ উদযাপন করলো কমফিট কম্পোজিট নিট লি:
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘Safety Day 2026’ উদযাপন করেছে কমফিট কম্পোজিট নিট লি:। দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান। তাদের উপস্থিতি কর্মীদের মধ্যে নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ আরও জোরদার করে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে একটি বর্ণাঢ্য সেফটি র্যালির মাধ্যমে নিরাপত্তা বার্তা ছড়িয়ে দেওয়া হয়। র্যালিতে অংশগ্রহণ করেন পিসি মেম্বার, সেফটি কমিটি, অন্যান্য কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী।
এছাড়া সেফটি ইকুইপমেন্ট ডিসপ্লে স্টলে বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) প্রদর্শন করা হয় এবং সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ফার্স্ট এইড ইকুইপমেন্ট স্টলে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
কর্মীদের জন্য আয়োজন করা হয় সেফটি ট্রেনিং সেশন, যেখানে নিরাপদে কাজের পদ্ধতি, ঝুঁকি সনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ‘সেফটি ওয়াল’-এ কর্মীরা তাদের নিরাপত্তা অঙ্গীকার লিখে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান জুড়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিরাপত্তা বার্তা তুলে ধরা হয়, যা সকলকে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।
আয়োজকরা জানান, নিরাপত্তা শুধুমাত্র একটি দিনের বিষয় নয়, বরং এটি প্রতিদিনের অভ্যাস ও দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।


