পানি-স্বল্পতা আর তীব্র রোদ—এই দুই সমস্যার সমাধান মিলল একসঙ্গে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির এক খালের ওপর চালু হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সৌরবিদ্যুৎ–ক্যানাল প্রকল্প। প্রজেক্ট নেক্সাস’ নামের এ উদ্যোগে খালের ওপরে বসানো হয়েছে সৌর প্যানেল, যা একদিকে বিদ্যুৎ উৎপাদন করবে, অন্যদিকে কমাবে পানির অপচয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, রাজ্যের প্রায় ৪ হাজার মাইল (৬ হাজার ৪৩৭ কিমি) দীর্ঘ খালগুলোতে সৌরপ্যানেল বসানো হলে বছরে প্রায় ৬৩ বিলিয়ন গ্যালন পানি বাঁচানো সম্ভব হবে। সেই সঙ্গে উৎপাদন হবে প্রায় ১৩ গিগাওয়াট বিদ্যুৎ—যা দিয়ে লস অ্যাঞ্জেলস শহরের প্রায় ১০ মাসের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে।

নতুন চালু হওয়া প্রকল্পে প্রথমে ২০ ফুট প্রস্থের একটি অংশে সৌরপ্যানেল বসানো হয়েছিল মার্চ মাসে। আগস্টের শেষে ১১০ ফুট প্রস্থের অংশও সম্পন্ন হয়েছে। বর্তমানে এর ১.মেগাওয়াট ক্ষমতা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তুলা, টমেটোসহ নানা ফসলের চাষ হয় এমন এলাকায় পরিচ্ছন্ন জ্বালানির এই উৎস স্থানীয় কৃষিকাজেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পিমা ও মারিকোপা উপজাতিদের জন্য চালু হয়েছিল প্রথম সৌর ক্যানাল প্রকল্প। বিশ্বজুড়েও এমন প্রকল্পের সংখ্যা এখনও হাতে গোনা, ফলে ক্যালিফোর্নিয়ার উদ্যোগটি নজর কাড়ছে বিশেষভাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে ক্যালিফোর্নিয়ায় দ্রুত আরও বড় পরিসরে সৌর ক্যানাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।