ডিম্বাশয় ক্যানসার প্রাথমিক অবস্থায় শনাক্ত করার জন্য বিজ্ঞানীরা একটি সহজ রক্ত পরীক্ষার সম্ভাবনা খুঁজে পেয়েছেন। গবেষকদের দাবি, এই পরীক্ষার মাধ্যমে রোগটি অনেক আগেই ধরা সম্ভব হবে, যা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ পরীক্ষা চালিয়ে দেখেছেন যে রক্তে এমন কিছু বিশেষ সংকেত শনাক্ত করা সম্ভব, যা সাধারণত ধরা খুব কঠিন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আরেকটি দল এ পরীক্ষায় অংশ নেয়। উভয় ক্ষেত্রেই প্রাথমিক উপসর্গ থাকা নারীদের ওপর এ পরীক্ষা চালানো হয়।

গবেষণা অনুযায়ী, রক্তে থাকা সূক্ষ্ম পরিবর্তনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিংয়ের সাহায্যে বিশ্লেষণ করে ক্যানসারের উপস্থিতি নির্ণয় করা হয়। যুক্তরাষ্ট্রে চালানো পরীক্ষায় দেখা গেছে, সব ধাপে ডিম্বাশয় ক্যানসার শনাক্তে পরীক্ষাটির সঠিকতা ছিল ৯৩ শতাংশ, আর প্রাথমিক পর্যায়ে ৯১ শতাংশ। যুক্তরাজ্যে পরীক্ষার ফলাফলও আশাব্যঞ্জক—সেখানে সব ধাপে সঠিকতা ছিল ৯২ শতাংশ এবং প্রাথমিক পর্যায়ে ৮৮ শতাংশ।

এই যৌথ গবেষণার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। পরীক্ষাটি তৈরি করেছে ডায়াগনস্টিকস কোম্পানি এওএ (AOA)। গবেষকরা বলছেন, প্রতিবছর সারা বিশ্বে তিন লাখেরও বেশি নারী ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হন—এই নতুন রক্ত পরীক্ষা তাঁদের জন্য জীবনরক্ষাকারী হয়ে উঠতে পারে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা ক্রসবাই মন্তব্য করেছেন—“এই পরীক্ষা রোগীদের যত্ন ও চিকিৎসার ফলাফল উন্নত করতে অসাধারণ ভূমিকা রাখতে পারে।” তিনি জানান, শিগগিরই আরও বিস্তৃত ট্রায়াল শুরু করা হবে।