যুক্তরাষ্ট্রে শিক্ষকদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং এর ফলে শিক্ষকরা প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫.৯ ঘণ্টা সময় সাশ্রয় করতে পারছেন। এ হিসাবে পুরো শিক্ষাবর্ষে প্রায় ছয় সপ্তাহের সময় তারা বাঁচাতে পারছেন বলে জানিয়েছে গ্যালাপ ও ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশনের একটি সাম্প্রতিক গবেষণা।

এই সময় শিক্ষকরা শিক্ষাদানকে আরও কার্যকর করতে ব্যবহার করছেন— শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা তৈরি, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া প্রদান আরও গঠনমূলক করার কাজে এই সাশ্রয়ী সময় ব্যয় করছেন।

গবেষণায় দেখা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ শিক্ষক কোনো না কোনোভাবে এআই ব্যবহার করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি এআই ব্যবহার করছেন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং যারা পাঁচ বছরের কম সময় ধরে শিক্ষকতা করছেন, অর্থাৎ অপেক্ষাকৃত নতুন শিক্ষকরা।

শিক্ষকেরা যেসব কাজে এআই সবচেয়ে বেশি ব্যবহার করছেন তার মধ্যে রয়েছে— পাঠ প্রস্তুতির সময় (৩৭ শতাংশ), ওয়ার্কশিট তৈরি (৩৩ শতাংশ), শিক্ষার্থীর উপযোগী করে উপকরণ পরিবর্তন (২৮ শতাংশ), প্রশাসনিক কাজ (২৮ শতাংশ), এবং মূল্যায়ন তৈরি (২৫ শতাংশ)।

বিশেষভাবে লক্ষ্য করা গেছে, যেসব স্কুলে এআই নীতিমালা রয়েছে, সেসব স্কুলের ৭০ শতাংশ শিক্ষক নিয়মিত এআই ব্যবহার করছেন। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে এমন নীতিমালা নেই, সেখানে এ সংখ্যা ৬০ শতাংশ। তবে আশঙ্কার বিষয় হলো, মাত্র ১৯ শতাংশ শিক্ষক এমন স্কুলে কাজ করেন যেখানে এআই ব্যবহারে স্পষ্ট কোনো নীতিমালা রয়েছে।

শিক্ষকদের অভিমত অনুযায়ী, এআই ব্যবহারে শুধু তাদের কাজের চাপ কমছে না, বরং তারা সময়মতো বাড়ি ফিরে পরিবারকে সময় দেওয়ার সুযোগও পাচ্ছেন।

এই গবেষণা শিক্ষা খাতে এআই ব্যবহারের ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে ভাবার সুযোগ তৈরি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সঠিক নীতিমালা প্রণয়ন করে, তাহলে এআই হতে পারে শিক্ষার গুণগত মান উন্নয়নের এক শক্তিশালী হাতিয়ার।