ট্রেনের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ একটি ভাবনা ভর করে জোসেফ স্কুডেরির মনে—রেললাইনের মাঝে যে খালি জায়গা পড়ে থাকে, সেটিকে কাজে লাগানো যায় না কেন?

এই চিন্তা থেকেই জন্ম নেয় তার স্টার্টআপ প্রতিষ্ঠান Sun-Ways। পাঁচ বছর পর, স্কুডেরি ও তার দল পশ্চিম সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম বাট-এ রেললাইনের উপর পরীক্ষামূলকভাবে সৌর প্যানেল স্থাপন করেছে। স্কুডেরি জানান, “আমরা যেভাবে বাড়ির ছাদে সৌর প্যানেল বসাই, ঠিক সেভাবেই আমরা এটি স্থাপন করেছি।”

যদিও এর আগে জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানে রেল ব্যবস্থায় সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে Sun-Ways-ই প্রথম প্রতিষ্ঠান যারা এমন একটি অস্থায়ী ও সরানো-যে-যায় প্যানেল ব্যবস্থা তৈরি করেছে, যা চলমান রেললাইনের উপর স্থাপন করা যায়। Sun-Ways-এর লক্ষ্য হচ্ছে রেলপথের পাশে থাকা বিশাল পরিমাণ অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটানো।

এই প্যানেলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রেন চলাচলের সময়ও সেগুলো স্থির থাকে। তবে রেললাইনে মেরামত বা রক্ষণাবেক্ষণের প্রয়োজনে প্যানেলগুলো সহজে সরানো যাবে। প্যানেল পরিষ্কার রাখার জন্য ট্রেনের এক প্রান্তে ঘূর্ণায়মান ব্রাশ লাগানো যায়।

Sun-Ways-এর মতে, সুইজারল্যান্ডের প্রায় ৫,৩২০ কিলোমিটার রেললাইন (টানেল ও রোদ কম পড়ে এমন এলাকাকে বাদ দিয়ে) সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হলে বছরে ৩ লাখ পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হবে, যা সুইজারল্যান্ডের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ২ শতাংশ

এই উদ্যোগ যদি সফল হয়, তবে তা বিশ্বজুড়ে রেলপথের উপর সৌরবিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।